যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লড়ছে এআই স্টিভ!

২০ জুন, ২০২৪ ০৭:৩৬  

আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার মানুষের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই)। নির্বাচনে জিতলে ৫৯ বছর বয়সী ‘এআই স্টিভ এন্ডাকট’ বিশ্বের প্রথম ‘এআই আইনপ্রণেতা’ হবেন বলে দাবি করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে প্রকাশ, যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য লড়তে চলা কয়েকশ প্রার্থীর মধ্যে একজন স্টিভ এন্ডাকট। তার প্রচারণার ধরন অন্যদের থেকে একেবারেই আলাদা। তিনি নির্বাচনী প্রচারাভিযানের লিফলেটে নিজের মুখচ্ছবির পরিবর্তে ব্যবহার করছেন এআই তৈরি করা একটি অবতার। বার্তা সংস্থা রয়টার্সকে ব্যবসায়ী স্টিভ বলেছেন, আমরা একটি দল গঠন করছি। এই নির্বাচনের পরে আমরা সারা দেশে আরও এআই প্রার্থী নিয়োগ করবো। আমরা বড় এবং গণতান্ত্রিক কিছু ব্লক তৈরিতে এটিকে সূচনা হিসেবে দেখছি।

এন্ডাকট জানান, প্রথাগত রাজনীতিতে হতাশ হওয়ায় তিনি ব্রাইটন প্যাভিলিয়ন নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যালট পেপারে তার নাম দেখাবে ‘এআই স্টিভ’।

এ বিষয়ে দাতব্য কর্মী ইওনা জনস্টন বলেছেন, কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগের মতো অনেক ক্ষেত্রেই আমরা এআই ব্যবহার করছি। তাহলে রাজনীতিতে কেন করবো না? এটি আমাদের জীবনযাত্রার ধরন বদলে দিতে পারে।

তবে এআই স্টিভ সম্পর্কে জানতে চাইলে ব্রিটিশ নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে জিতলে এন্ডাকটই সংসদ সদস্য হবেন, তার এআই সংস্করণ নয়।

অবশ্য এআই স্টিভের নির্বাচনে জেতার এখন পর্যন্ত খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। স্থানীয় বেশিরভাগ ভোটারই এআই প্রার্থীকে ভোট দিতে অনিচ্ছুক বলে মনে হয়েছে। ব্রাইটনের ৩৭ বছর বয়সী হিসাবরক্ষক জিম চিকের মতে, একজন এমপি’কে পার্লামেন্টে গিয়ে ভোটারদের পক্ষে কথা বলার মতো হতে হবে।

অ্যান্ডি ক্লসন নামে ৪২ বছর বয়সী আরেক বাসিন্দা বলেন, এআই এবং রাজনীতিবিদদের মধ্যে একটি জিনিসে মিল রয়েছে। তাদের কাউকেই বিশ্বাস করা যায় না।